আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক,
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা নাজমা রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
বাংলাদেশ সময় শনিবার সকাল সাতটা দশ মিনিটে তিনি আমেরিকার আরিজোনার মিসায় ব্যানার বয়উড হার্ট হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবাণীতে তিনি বলেন,
দেশে ৭৫ পরবর্তী গণতন্ত্র পুনুরুদ্ধারে তার সাহসী ভূমিকার কথা জাতি
শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন ত্যাগী কর্মীকে
হারালো।
শোকবাণীতে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
মৃত্যুর সময় নাজমা রহমানের পাশে ছিলেন মেয়ে তানিয়া রহমান লুনা, সোমা এবং তার ছোটভাই মসনুর আহমেদ ও পরিবারের অন্য সদস্যরা।
প্রয়াত অধ্যাপক নাজমা আমেরিকা গত দুই বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ আগস্ট তিনি গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে তানিয়া রহমান জানান, আরিজোনায় ইসলামিক ফাউন্ডেশনে তার নামাজে জানাজা শেষে সেখানে প্রয়াত তার ছোট মেয়ে রুচিতা রহমান লোপা ও বড় মেয়ের স্বামী প্রয়াত চিত্রশিল্পী মোরাদুজ্জামান মুরাদের কবরের পাশে অধ্যাপক নাজমাকে দাফন করা হবে।







