শ্রীলঙ্কাকে দুইশর আগে গুটিয়ে দিয়ে সাউথ আফ্রিকা নিজেরাও স্বস্তিতে নেই। তবে প্রথম ইনিংস থেকে পাওয়া লিড আর দ্বিতীয় ইনিংসে এখনও ৬ উইকেট হাতে, মিলিয়ে চালকের আসনে স্বাগতিকরাই।
ডারবান টেস্টে ডেল স্টেইনের তোপ প্রোটিয়াদের প্রথম ইনিংস থেকে এনে দিয়েছে ৪৪ রানের মূল্যবান লিড। শ্রীলঙ্কাকে ১৯১ রানে আটকাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এ পেসার।
পরে দ্বিতীয় ইনিংসে নেমে ৪ উইকেটে ১২৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। হাতে ৬ উইকেট রেখে লিডটা ১৭০ পর্যন্ত গেছে।
ফ্যাফ ডু প্লেসিস ২৫ ও কুইন্টন ডি কক ১৫ রানে তৃতীয় দিনে লিড বাড়াতে নামবেন। এলগার ৩৫, মার্করাম ২৮ ও আমলা ১৬ রানে ফিরে গেছেন বৃহস্পতিবারের শেষ বিকেলে। আর মাত্র ৩ রানে ফিরেছেন বাভুমা।
সকালে ৪৯ রানে শুরু করে শ্রীলঙ্কা পথ হারায় দ্রুতই। পরে কুশল পেরেরার ৫১ রানে দুইশর কাছে যায় সফরকারীরা। ৬৩ বলে ৭ চার ও এক ছক্কায় স্রোতের বিপরীতে দাঁড়ানো ইনিংসটি খেলেন তিনি।
ডেল স্টেইন ৪৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা। ২টি করে উইকেট নিয়েছেন ফিল্যান্ডার ও কেশব মহারাজ।








