বাংলাদেশ সময় ভোর ৩ টা ৪৭ মিনিটে কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক ৩৯-এ লঞ্চ কমপ্লেক্স থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে মহাকাশ যাত্রা শুরু করবে স্পেসএক্সের রকেট।
স্পেসএক্সের ফ্যালকন নাইন ব্লক ফাইভ নামের নতুন সংস্করণের রকেটটির একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে অত্যাধুনিক রকেটের শীর্ষের অংশে বাংলাদেশের লাল-সবুজের পতাকা এবং বাংলাদেশ সরকারের লোগো রয়েছে।
ছবিটি পোস্ট করে জয় লিখেছেন, “স্পেসএক্স রকেটের গায়ে বাংলাদেশের লাল-সবুজের পতাকা দেখে খুব গর্বিত হচ্ছি। রকেটটিতে এখন জ্বালানি ভরা হচ্ছে এবং দেড় ঘণ্টার মধ্যে রকেটটি উৎক্ষেপণ করার সম্ভাবনা রয়েছে।”







