অ্যাকসেলেরেটর প্রোগ্রামের জন্য চার মাসব্যাপী নতুন ব্যাচ উদ্বোধন করেছে গ্রামীণফোন। প্রযুক্তি বিষয়ক স্থানীয় স্টার্টআপগুলো গড়ে তুলতে এবং তাদের দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করার উদ্দেশ্যে এসডি এশিয়ার সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে জিপি অ্যাকসেলেরেটর (জিপিএ) প্রোগ্রামের যাত্রা শুরু করে গ্রামীণফোন।
প্রায় ৬০০ আবেদনপত্র থেকে প্রেজেন্টেশন, ফেস টু ফেস ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই-বাছাই শেষে নির্বাচিত সেরা ছয়টি স্টার্টআপকে গত বুধবার জিপি হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
নির্বাচিত সেরা ছয়টি স্টার্টআপ এই চার মাসব্যাপী জিপিএ প্রোগ্রামের মাধ্যমে ১২ লাখ টাকা সিড ফান্ডিং, মেন্টরশিপ ছাড়াও জিপি হাউজে অফিস স্পেস ব্যবহারের সুযোগ পাবে।
এ সময়ের মধ্যে গ্রামীণফোন এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় নিজেদের ব্যবসা আরও বেশি এগিয়ে নেয়ার সুযোগ পাবে স্টার্টআপগুলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও পিটার বি ফুরবার্গ, গ্রামীণফোন ট্রান্সফরমেশনের প্রধান কাজি মাহবুব হোসেন, গ্রামীণফোন অ্যাকসেলেরেটরের প্রধান মিনহাজ আনোয়ার, এসডি এশিয়ার সিইও মুস্তাফিজুর রাহমান খানসহ অনেকে।








