স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের
নিরাপত্তা প্রাচীর নির্মাণ কাজ শুরু করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এ জন্য
কেন্দ্রীয় কারাগারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের অধিগ্রহণ করা কারা সীমানায় নিরাপত্তা প্রাচীর তৈরি করতে
যাওয়া পিডব্লিউডি-এর কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করেছে স্থানীয়
বাসিন্দারা।
জানা গেছে, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই স্থানান্তর হওয়ায় খাবার পানির অভাবসহ বিভিন্ন অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে কারারক্ষী ও বন্দী নির্বিশেষে সবাইকেই। সাক্ষাতের সু-ব্যবস্থা না থাকায় স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কারা মহাপরিদর্শক ব্রি. জে. সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘আমাদের পূর্ব দিকের যে বাউন্ডারি ওয়ালটা আছে সেটাই সবথেকে বেশি অরক্ষিত। ওখানে জায়গা নিয়ে একটু সমস্যা হচ্ছে। হয়তো বা কারও প্ররোচনায় স্থানীয়রা কারাগারের জন্য অধিগ্রহণকৃত জায়গা সরকারি রাস্তা বানানোর জন্য চাচ্ছেন। যখনই বাউন্ডারি ওয়াল করার জন্য পিডব্লিউডি তাদের ঠিকাদার নিয়ে সেখানে যাচ্ছেন; তখন দা বা অন্যান্য অস্ত্রসস্ত্র নিয়ে তেড়ে আসেন তারা। যার জন্য পিডব্লিউডি সেখানে কাজ করছে না।’
কারা বাধা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারা আমরা ঠিক বলতে পারবো না। পিডব্লিউডির কাছ থেকে যেটা শুনেছি ওইখানকার এলাকার সাধারণ জনগণ।’
কারা মহাপরিদর্শক জানিয়েছেন, নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনা করেই নতুন কারাগারে আনা যায়নি শীর্ষ সন্ত্রাসী বা গুরুতর কোনো অপরাধীকে।
ব্রি. জে. সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী বা জঙ্গি ধরণের যে সমস্ত বন্দীরা আছেন তাদেরকে আমরা আপাতত এখানে রাখছি না। এটা যেহেতু একটা হাইওয়ের পাশে, সামনে কোন বাউন্ডারি ওয়াল নাই, অরক্ষিত অবস্থায় আছে সেই অবস্থায় আমরা মনে করছি না যে তাদের এখানে আনা উচিত হবে।’
তিনি জানান, কারা ক্যান্টিনের লভ্যাংশের টাকা দিয়ে বন্দী এবং তাদের স্বজনদের জন্য দুইটি শেড নির্মাণ করেছে কারা কর্তৃপক্ষ।








