অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসকে নিয়ে নির্মিত ‘স্টিভ জবস’ চলচ্চিত্রের প্রদর্শনী হয়ে গেলো যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে। প্রদর্শনী শেষে চলচ্চিত্রকার অ্যারন সরকিন কথা বলেন চলচ্চিত্রটির কল্পিত অংশগুলো নিয়ে।
মুভিটি স্টিভ জবসের জীবন নিয়ে নির্মিত হলেও কাহিনীর মাঝে সরকিন বেশকিছু কল্পিত অংশ যোগ করেছেন। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, স্টিভ জবসের জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র ‘ফটোগ্রাফ নয়, পেইন্টিং’।
স্যান ফ্রান্সিসকোর ক্যাস্ট্রো থিয়েটারে প্রদর্শনী শেষে চলচ্চিত্রকার অ্যারন সরকিন এবং পরিচালক ড্যানি বয়েল সাংবাদিকসহ সেসব মানুষের প্রশ্নোত্তরের জবাব দেন যারা স্টিভ জবসকে ব্যক্তিগতভাবে চিনতেন।
তখনই এক প্রশ্নের জবাবে সরকিন বলেন, ‘চলচ্চিত্রটি স্পষ্টতই স্টিভ জবসের জীবনের একটি ইম্প্রেশনিস্টিক (প্রতীতি) ধারণার ওপর নির্মিত। আশা করি এটি দেখে সবাই বুঝবেন এটি একটি পেইন্টিং, কোনো ফটোগ্রাফ নয়।’
কারণ একটি পেইন্টিংকে আবেগ ও অনুভূতির ওপর ভিত্তি করে বাস্তবতা থেকে ভিন্নভাবে ফুটিয়ে তোলা যায়। এর থাকে অন্যরকম শিল্পগুণ। অন্যদিকে ফটোগ্রাফ সরাসরি তাই তুলে ধরে, যা বাস্তবে আছে।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের জীবন নিয়ে নির্মিত ‘দ্যা সোশ্যাল নেটওয়ার্ক’ চলচ্চিত্রের জন্য সরকিন অস্কার জিতেছিলেন। অন্যদিকে পরিচালক ড্যানি বয়েল অস্কার জয় করেন তার ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির জন্য। এবার তারা মিলেই স্টিভ জবসের জীবনের সাফল্য, ব্যর্থতাসহ বিভিন্ন দিক নিয়ে তৈরি করলেন এই চলচ্চিত্র।
শুক্রবার স্যান ফ্রান্সিসকোর সঙ্গেই নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে মুভিটির প্রদর্শনী হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।






