ওমানকে ৩৯ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলার পর বোলিংয়ে জ্বলে ওঠা মার্কাস স্টয়নিস সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে বড় ভূমিকা রাখেন।
ব্রিজটাউনে বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিংয়ে নামা অজিরা স্কোরবোর্ডে তোলে ৫ উইকেটে ১৬৪ রান। জবাবে ওমান ৯ উইকেটে ১২৫ রানে থামে।
দলীয় ১৯ রানের মাথায় ক্যাঙ্গারুরা ওপেনার ট্রাভিস হেডের উইকেট হারায়। অধিনায়ক মিচেল মার্শ ধীরগতির ব্যাটিংয়ে ২১ বলে ১৪ রানে সাজঘরে ফেরেন। রানের খাতা না খুলেই আকিব ইলিয়াসের তালুবন্দি হন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৮.২ ওভারে ৩ উইকেটে ৫০ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে বিশ্বকাপ খেলতে আসা ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিস চতুর্থ উইকেটে ১০২ রান যোগ করেন। ওয়ার্নার ৫১ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
ওয়ার্নার এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে টি-টুয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তার মোট রান ৩,১৫৫। তালিকার দুইয়ে নেমে যাওয়া অ্যারন ফিঞ্চের রান ৩,১২০।
অজিদের ইনিংসের শেষ বলে ৪ বলে ২ চারে ৯ রানে রান আউট হন টিম ডেভিড। বাইশ গজে ঝড় তোলা স্টয়নিস ৩৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন।
ওমানের পক্ষে মেহরান খান ৪ ওভারে ৩৮ রান খরচায় পান ২ উইকেট।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান লক্ষ্য তাড়ায় ৫৬ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে। টপ অর্ডার ব্যাটারদের ভেতর আকিব ইলিয়াস করেন ১৮ রান। বাকিরা দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
আয়ান খানের ৩০ বলে ৩৬ ও মেহরান খানের ১৬ বলে এক চার ও ২ ছক্কায় ২৭ রানের ইনিংসে ভর করে ওমান হারের ব্যবধান কমাতে সক্ষম হয়।
ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে ওঠা স্টয়নিস ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে পান ৩ উইকেট। দুটি করে উইকেট পকেটে পুরেন মিচেল স্টার্ক, নাথাল এলিস ও অ্যাআম জাম্পা।







