ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে শুরুর অপেক্ষায় তিন ম্যাচের টি-টুয়েন্টির লড়াই। টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটাররা মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিবদের সঙ্গে গেছেন স্কোয়াডের বাইরে থাকা ইবাদত হোসেনও।
দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভোগা এ পেসার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে টি-টুয়েন্টি দলের সঙ্গে থাকবেন, জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
ইবাদত চোট পেয়েছিলেন গত বছরের জুলাইয়ে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে চোট পান বাঁ-হাঁটুর লিগামেন্টে। এরপর ইবাদতকে উঠতে হয়েছে অস্ত্রোপচার টেবিলে, দীর্ঘমেয়াদি চিকিৎসা নিয়ে এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে।
দিল্লি থেকে বুধবার গোয়ালিয়রে যাবেন তানজিম-ইবাদতরা। টেস্ট দলে থাকা খেলোয়াড় ও কোচরা কানপুর থেকে গোয়ালিয়রে যাবেন। রোববার স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।








