বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ৩ উইকেটে হারিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা হাইস্কুল। রংপুর ক্রিকেট গার্ডেনে আসরের ফাইনালে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় বগুড়ার স্কুলটি। জবাবে ২০ ওভার আর ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে কুমিল্লা হাইস্কুল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি গেল আসরের চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে মাহফুজের থেকে। রিফাত ১৬ ও আরাফাতের ১২ ছাড়া আর কেউ বলার মতো রান পায়নি।
২টি করে উইকেট শিকার সাব্বির আলম ও আতিকুর রহমানের।
ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই সাকিবকে হারায় কুমিল্লা হাইস্কুল। তবে তিনে নামা আবু বকরের ৩৮ বলে ৪৯ রানের ইনিংসে জয়ের ভীত পায় তারা। ৬ বাউন্ডারির পাশাপাশি ৬ ছক্কা হাঁকায় আবু বকর।
পরে মাহফুজ-আরাফাত তড়িঘড়ি ৫ উইকেট তুলে নিলে বিপাকে পড়ে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিরা। আতিকুরের অপরাজিত ১৬ রানের ইনিংসে শেষঅবধি প্রথম অংশগ্রহণেই শিরোপা জিতে কুমিল্লা হাইস্কুল।
মাহফুজ তিনটি ও আরাফাত দুটি করে উইকেট নেয়। ম্যাচসেরা আবু বকর।
২৫৩ রানের পাশাপাশি ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরষ্কার গেছে কুমিল্লা হাইস্কুলের সাব্বির আলমের হাতে। আসরের সবচেয়ে বেশি উইকেটও সাব্বিরের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে অংশ নেয় সারা দেশের ৫৫৮ স্কুলের ১১ হাজার ১২০ ক্ষুদে ক্রিকেটার। দেশের বিভিন্ন ভেন্যুতে হয়েছে ৯৫৮ ম্যাচ। আর জাতীয় চ্যাম্পিয়নশিপে হয় ৭ ম্যাচ। ক্রিকেটারদের অংশগ্রহণ ও ম্যাচের সংখ্যার বিচারে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর।








