ভারতের মধ্য প্রদেশের খান্ডোয়ার এক স্কুলের ষষ্ঠ শ্রেণীর প্রশ্নে সাইফ-কারিনার ছেলের নাম জানতে চাওয়া হয়েছে। সেই প্রশ্নপত্রের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রশ্নে লেখা ছিল, ‘বলিউড জুটি কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছেলের পুরো নাম কি?’ এই প্রশ্ন দেখে চরম অসন্তুষ্ট অভিভাবকরা। তারা শিক্ষা বিভাগে অভিযোগ দায়ের করেছেন। স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
খান্ডোয়া জেলা শিক্ষা আধিকারিক সঞ্জীব ভালেরাও বলেছেন যে বিষয়টি বৃহস্পতিবার তার নজরে এসেছে। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘স্কুলকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে। স্কুলের প্রতিক্রিয়ার ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
বলিউডের স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে। ছোটবেলা থেকেই লাইম লাইটে সাইফ-কারিনার বড় ছেলে তৈমুর আলি খান। তার ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। সম্প্রতি ৫ বছর পূর্ণ করল তৈমুর।







