এশিয়া কাপ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ব্যাট-বলের স্কিল অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। রোববার সকাল থেকে বিকেল অবধি দুই সেশনে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা। স্কিল অনুশীলন শুরুর দিনে ক্যাম্পে যোগ হয়েছেন স্পিন বোলিং কোচ সুনীল যোশি।
দুপুরের পর শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে স্পিনারদের নিয়ে কাজ শুরু করেন এ ভারতীয় কোচ।
টাইগারদের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি রোববার ঢাকায় পৌঁছেছেন। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আসবেন সোমবার। আর ফিল্ডিং কোচ রায়ান কুক মঙ্গলবার ঢাকায় এসে বুধবার ক্যাম্পে যোগ দেবেন।
২৭ আগস্ট শুরু হয়েছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। শুরুর কিছুদিন ফিটনেসের পাশাপাশি হয়েছে ফিল্ডিং অনুশীলন। হেড কোচ স্টিভ রোডস, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও বিসিবির স্থানীয় ফিল্ডিং কোচ সোহেল ইসলাম মিলে সামলেছেন ট্রেনিং সেশন।
এবার যোগ হতে শুরু করেছেন কোচিংস্টাফের বাকি সদস্যরা। ক্রিকেটারদের নিয়ে মিরপুরে খুব বেশি কাজ করার সুযোগ অবশ্য নেই তাদের। ৬ সেপ্টেম্বর ক্যাম্পের শেষদিন।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম টাইগার্স। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ছয় দলের আসরে বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান।
এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ছিল ৩১ সদস্যের। বৃহস্পতিবার ছোট হয়ে এসেছে টাইগার স্কোয়াড। ১৫ সদস্যের দল হলেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক দলে থাকা সব ক্রিকেটারই।
নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ থাকায় প্রস্তুত করা হচ্ছে সবাইকেই।








