টানা ২১ ওভার বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরানোর পর অবশেষে আউট হলেন অ্যারন ফিঞ্চ। নিজের প্রথম ওভারেই দলকে উইকেটের খোঁজ এনে দেন সৌম্য সরকার। ফিফটি তোলার পর ফিরেছেন অধিনায়ক ফিঞ্চ।
অস্ট্রেলিয়া-১৫৪/১ (২৮)
কিছুটা ধীরস্থির শুরু করলেও পরে গতি বাড়িয়ে হাফসেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ১৬.৩ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান তোলার পর হাত খুলতে থাকেন ওয়ার্নার ও ফিঞ্চ।
মাশরাফী থেকে মিরাজ, একে একে পাঁচজন বোলার বল করেও যখন উইকেটের দেখা পাচ্ছিলেন না, তখন অনিয়মিত সৌম্য সরকারের হাতে বল তুলে দেন মাশরাফী। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি তিনি। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে ফিঞ্চকে আউট করেন। দলীয় ১২১ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
সৌম্যর এক্সটা বাউন্সে কিছুটা দ্বিধায় পড়েন ফিঞ্চ। গালির উপর দিয়ে খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে রুবেলের হাতে ধরা পড়েন অজি অধিনায়ক। যাওয়ার আগে অবশ্য চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন। সবশেষ ১১ ওয়ানডেতে এটি তার অষ্টম হাফসেঞ্চুরি।
ফিঞ্চ ফিরলেও বাংলাদেশের কাঁটা হয়ে আছেন ওয়ার্নার। তার সঙ্গে যোগ হয়েছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান উসমান খাজা।








