সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস ) ভিশন ২০৩০ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইন্ডিয়ান স্ট্রাইকারস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশি গ্রিন বাংলা ক্রিকেট ক্লাব।
প্রবাসী গ্রিন বাংলা ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অভিনন্দন জানিয়েছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পৌঁছে দেন প্রেস সচিব ফখরুল ইসলাম।
আইসিসি অনুমোদিত প্রতিষ্ঠান রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে গ্রিন বাংলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইন্ডিয়ান স্ট্রাইকারস ক্লাব। ব্যাট করতে নেমে ১৮ ওভারে দুর্দান্ত ব্যাটিংয়ে ২০০ রান করতে সক্ষম হয় গ্রিন বাংলা ক্লাব।
ইন্ডিয়ান স্ট্রাইকার্স ক্লাবকে ২০১ রানের বিশাল লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী গ্রিন বাংলা ক্লাব।
২০১ রানের লক্ষ্য নিয়ে খেলতে ১৭.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৮৪ রান করে অল আউট হয়ে যায় দীর্ঘদিন যাবৎ ফর্মে থাকা ইন্ডিয়ান স্ট্রাইকারস।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাংলাদেশি সাইফুল বাদল।
টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন গ্রিন বাংলা ক্রিকেট টিমের ম্যানেজার ফখরুল ইসলাম, তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাশাপাশি প্রবাসীরা এগিয়ে যাচ্ছে।







