শামসুর রহমান শুভ ও মেহেদী হাসান দুই ফিফটিতে চেষ্টা করলেন, কিন্তু গাজী গ্রুপ ক্রিকেটার্সকে লড়াইয়ের আশেপাশেও নিতে পারলেন না। নুরুল হাসান সোহান ও আসিলা গুনারত্নের শতরানের জুটিতে চ্যালেঞ্জিং পুঁজি পাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ফতুল্লায় শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রানের সংগ্রহ গড়ে শেখ জামাল। জবাব দিতে নেমে ২৩৪ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। শেখ জামাল ১৮ বল হাতে রেখে ৪৩ রানের জয়ে মাঠ ছাড়ে।
এটি শেখ জামালের ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়। আর সমান ম্যাচে গাজী গ্রুপের চতুর্থ হার।
ব্যাটিংয়ে এসে ফারদিন হাসানের ৪৬ রানে ভালোই এগোচ্ছিল শেখ জামাল। কিন্তু ইমতিয়াজ ৬, তানবির ১৯, নাসির ২৩ রানে ফিরলে কিছুটা ব্যাকফুটে চলে যায় তারা।
সেখান থেকে অধিনায়ক সোহান ও শ্রীলঙ্কান গুনারত্নে ১২১ রানে জুটি গড়ে বড় সংগ্রহ আনেন। ৭ চার ও ২ ছক্কায় ৬৫ বলে ৭৯ রানে ফেরেন গুনারত্নে। সোহানকে আউট করা যায়নি, ৮ চার ও এক ছয়ে ৮১ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
জবাব দিতে নেমে ইমরুল ১৫, রনি তালুকদার ৮, তাসামুল ১০, পারভেজ ৩ ও মাইশুকুর রানের খাতা না খুলে ফিরতে ম্যাচ থেকে ছিটকে যায় গাজী গ্রুপ।
তারপরও তাদের দুইশ পেরোনো সংগ্রহের পেছনে অবদান থাকল দুই ফিফটির। শামসুর রহমান ৮১ রানে প্রতিরোধ গড়েছিলেন, ৫ চার ও ২ ছক্কায় ৮৬ বলের ইনিংস তার।
শেষদিকে মেহেদী হাসান খেলেন ৬০ রানের ইনিংস। তবে হারের ব্যবধান কমানো ছাড়া তেমন ভূমিকা রাখতে পারেননি।
গাজীর হয়ে খালেদ ও সালাউদ্দিন ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট গেছে গুনারত্নের দখলে।








