শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারসহ চার দফা দাবিতে মশাল মিশিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) শিক্ষার্থীরা। এছাড়া মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তারা।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ শীর্ষক ব্যানারে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মশাল মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি ওয়ালিউর রহমান সান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা প্রত্যাহারের বিষয়ে আমাদেরকে যে আশ্বাস দিয়েছিলেন বাস্তবিকভাবে আমরা তার কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা সোমবার সকাল ৮টা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করবো। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের এ অবরোধ কার্যক্রম চলবে।’
মামলার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বলেন, ‘মামলা সমস্যা সংক্রান্ত সমাধান কার্যাবলী প্রক্রিয়াধীন রয়েছে। এখন যদি শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে তাহলে তো আমাদের কিছু করার নেই।’
সড়ক দূর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহতের জেরে উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে গত ২৭ মে শিক্ষার্থীদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।







