সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক সহকারী ব্যবস্থাপক সাইফুল হাসানসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক এ আদেশ দেন।
সাজা পাওয়া অন্যরা হলেন প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন এবং প্যারাগনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
হলমার্ক জালিয়াতির ঘটনার সময় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক ছাড়াও আরো ৫টি প্রতিষ্ঠান ঋণ জালিয়াতি করে। প্যারাগন নিট কম্পোজিট লিমিটেড তাদের একটি।
এ মামলায় ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।









