মা হওয়ার পর মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়ে কোর্টে ফিরেছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু টের পেলেন এখনও পূর্ণ ফিটনেস ফিরে পাননি। তাই অস্ট্রেলিয়ান ওপেনের ২৪তম শিরোপা লড়াই থেকে সরে দাঁড়ানোকেই যুক্তিযুক্ত মনে করলেন ৩৬ বছর বয়সী মার্কিন কিংবদন্তি।
গত বছর আট সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যারিয়ারের সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা। এরপরই ঘোষণা দেন গর্ভের সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চান, তাই আপাতত টেনিসে বিরতি।
গত সেপ্টেম্বরে সেরেনার ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। পরে ডিসেম্বরে ঘোষণা দেন দ্রুতই কোর্টে ফিরছেন। কিন্তু শুক্রবার জানালেন আপাতত টেনিস থেকে দূরেই থাকবেন।
সেরেনা থাকছেন না। সঙ্গে ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন থাকছেন না আরও কয়েকজন তারকা। তারকা হারানোর মিছিলে ব্রিটিশ অ্যান্ডি মারে আছেন। কব্জির চোটে ছিটকে গেছেন জাপানি তারকা কেই নিশিকোরিও।
পুরোপুরি ফিট না হওয়ায় ঝুঁকিতে আছেন ১৫ গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল ও সুইস তারকা স্তানিলাস ভাভারিঙ্কা। কনুইয়ের চোটে স্বস্তিতে নেই আরেক তারকা নোভাক জোকোভিচও।







