‘সেমিফাইনাল’ মনে করে খেলবে না বাংলাদেশ

সেমির দ্বৈরথে নামার আগে এজবাস্টনে বাংলাদেশ কোচ ও অধিনায়কের আলোচনা
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে ইংল্যান্ডে পা রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্য স্থির করেছিল বাংলাদেশ। ‘ম্যাচ বাই ম্যাচ’ খেলে আগানো। সেই পথে সেমিফাইনালের টিকিট মিলেছে, যেখানে প্রতিপক্ষ ভারত। প্রথমবারের মত আইসিসির কোন টুর্নামেন্টের সেরা চারে খেলতে নামার আগে মাশরাফি বিন মর্তুজা ম্যাচটিকে আরেকটি সাধারণ ম্যাচের মত করেই দেখতে চাচ্ছেন। টাইগার অধিনায়ক সতীর্থদের মাঝে জয়ের জন্য আগে নির্ভার থাকার মন্ত্রই ছড়িয়ে দিলেন।
এজবাস্টনে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে ভারত পরীক্ষা বাংলাদেশের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বললেন, ‘আয়ারল্যান্ড থেকে এখানে এসেই ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা করেছিলাম। এটাও আরেকটা ম্যাচ মনে করেই খেলব। এই ম্যাচের হাইপ অনেক বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। লক্ষ্য থাকবে ভালো খেলে জেতার। তাতে আমাদের প্রথম কাজটা হবে মাঠে নির্ভার থাকা।’
বড় মঞ্চে ভারতের সঙ্গে প্রায় সব দ্বৈরথেই ছিলেন মাশরাফি। এক ভারতীয় সাংবাদিক যখন প্রশ্ন ছুঁড়ে বসলেন, ভারতের সঙ্গে খেলাটা উপভোগের নাকি চাপের? মাশরাফি তখন সোজাব্যাটেই খেললেন, ‘ক্রিকেট জাতি হিসেবে উন্নতি করতে হলে এ ধরনের ম্যাচ অনেক আসবে। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে প্রতিপক্ষ পছন্দ করে নিতে পারবেন না। তাই এটাকে উপভোগ করা ছাড়া বাড়তি কিছু মাথায় নিলে কাজগুলো আরও কঠিন হবে। সবাই নির্ভার হয়ে দ্বিপাক্ষিক ম্যাচ মনে করে যদি খেলতে পারে, আমাদের দলের জন্য সুবিধা হবে।’
বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও গতকাল একই কথা বলেছেন। সেমির লড়াইকে অন্য আট-দশটা ম্যাচের মতো করেই দেখতে চান তিনি। এত বড় আসরের সেমিফাইনালে দলের ক্রিকেটারদের নির্ভার রাখতেই হয়তো কোচ-অধিনায়কের এমন কৌশল।



