সেভিয়াকে উড়িয়ে টানা চতুর্থবারের মতো কোপা ডেল রের শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। লুইস সুয়ারেজের জোড়া, লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও ফিলিপে কৌতিনহোর গোলে ফাইনালে ৫-০ ব্যবধানে জিতেছে ভালভার্দের দল।
শনিবার রাতে ১৪ মিনিটে গোলের খাতা খোলেন সুয়ারেজ। কৌতিনহোর বাড়ানো বলে জাল খুঁজে নেন উরুগুয়ে তারকা। ৩১ মিনিটে জর্ডি আলবার সহযোগিতায় ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

ম্যাচের ৪০ মিনিটে মেসির ক্রসে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। তাতে ৩-০ নিয়ে বিরতিতে যায় কাতালানরা।

মধ্যবিরতির পর ফিরে ৫২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক ইনিয়েস্তা। বলের যোগানদাতা মেসি। স্প্যানিশ এ মিডফিল্ডার বার্সা ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন চলতি মৌসুম শেষেই। তাতে দলটির দীর্ঘদিনের কাণ্ডারি হয়ত বার্সার হয়ে নিজের শেষ ফাইনালটি খেলে ফেললেন।

বার্সার বড় জয়ে পরের গোলটি কৌতিনহোর। ৬৯ মিনিটে স্পটকিকে আরেকদফা ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা। প্রতিপক্ষের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর আগে জালে জড়িয়েছিলেন কৌতিনহো। পরে তাকেই স্পটকিকের সুযোগ দেন মেসিরা।







