তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পাপন জানান, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয়টি হবে ২৮ সেপ্টেম্বর। আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।
যদিও আফগান ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয়টি হবে ২৭ সেপ্টেম্বর। আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।
তবে পাপন জানান, ‘নিজেদের সুবিধার্থে বাংলাদেশ সূচিতে কিছু পরিবর্তন এনেছে।’
আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ বলেন, ‘এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাবো আমরা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিতে আমরা প্রস্তুত।’







