মুক্তির অনুমতি পেতে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে ‘স্বপ্নজাল’ ছবিটি। এই ছবির নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম চ্যানেল আই অনলাইনকে জানালেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্বপ্নজাল সেন্সরে জমা দেয়া হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে সেন্সর ছাড়পত্র পাওয়া যাবে।
স্বপ্নজাল ছবিটি সেন্সরে জমা পড়ার খবরটি নিশ্চিত করেছেন সেন্সর সচিব জালাল উদ্দিন মুন্সি। তিনি বলেন, দুপুরের পর সেন্সরে স্বপ্নজাল জমা পড়েছে। আগামী সপ্তাহে প্রদর্শিত হবে, এরপর বাকিটা জানা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই সেন্সর ছাড়পত্র পেয়ে যাবে স্বপ্নজাল।
মনপুরা ছবি মুক্তির নয় বছর পর স্বপ্নজাল ছবি নিয়ে আসছেন গিয়াস উদ্দিন সেলিম। মনপুরাতে চঞ্চল-মিলির অভিনয়ে দর্শক মুগ্ধ হলেও স্বপ্নজালে পরীমনি ও ইরেশ রোহানের (নবাগত) অভিনয় দেখতে মুখিয়ে আছে সবাই। এই ছবিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
‘স্বপ্নজাল’ নির্মিত হয়েছে যৌথ প্রযোজনায়। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি। এর আগে গেল ৫ ফেব্রুয়ারি ছবিটি প্রিভিউ হয়। এবার সেন্সর ছাড়পত্র পেলেই নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মুক্তির তারিখ জানাবেন।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল স্বপ্নজালের শুটিং। চাঁদপুর ও কলকাতার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম নিজেই।







