৯০ বছর বয়সে চলে গেলেন বিশ্বজুড়ে কমিউনিস্ট আন্দোলনের স্বপ্নের নায়ক কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ফিদেল কাস্ত্রো বাংলাদেশকে চিনতেন একটু আলাদা করে। বাংলাদেশের জাতির জনক ও প্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও ভিন্ন দৃষ্টিতেই দেখতেন।
বঙ্গবন্ধুকে কাস্ত্রো কতটা পছন্দ করতেন, তার কিছু উক্তিতেই ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে।
১৯৭৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “পৃথিবী আজ দুইভাগে বিভক্ত। একভাগে শোষক শ্রেণী আরেকভাগে শোষিত। আমি শোষিতের দলে।”
এই ভাষণের পর কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক হয়। সেখানে তিনি শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, “তুমি আজ যে ভাষণ দিয়েছ, তারপর থেকে সাবধানে থেকো। আজ থেকে তোমাকে হত্যার জন্য একটি বুলেট তোমার পিছু নিয়েছে।”
বিচক্ষণ ফিদেল কাস্ত্রোর সেদিনের কথাটিই সত্য হয়ে যায় ঠিক দু’বছরের মাথায়।
ওই বৈঠক শেষে কাস্ত্রো বঙ্গবন্ধু সম্পর্কে বলেছিলেন, “আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। তার ব্যক্তিত্ব ও নির্ভীকতা হিমালয়ের মতো। এভাবেই তার মাধ্যমে আমি হিমালয়কে দেখেছি।”
১৫ আগস্টের হামলায় বঙ্গবন্ধু নিহত হওয়ার পর শোক প্রকাশ করে কাস্ত্রো বলেন, “শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।”







