গর্ভকালীন জটিলতা থেকে অনাগত শিশুকে বাঁচাতে চেষ্টার কোনো কমতি ছিল না মনি বেগমের। দিনাজপুরের বিরামপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসতে কষ্টসাধ্য দীর্ঘপথ অ্যাম্বুলেন্সে করে প্রায় পেরিয়ে এসেছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত অনাগত সেই শিশুসহ নিজের জীবন বাঁচাতে পারেননি তিনি। হাসপাতালে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হন মনি বেগমসহ ৩জন।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের পাগলাপীরে তাদের বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে।
পুলিশ জানায়, দিনাজপুরের বিরামপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। দুপুরে পাগলাপীর এলাকার পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা মনি বেগম ও অ্যাম্বুলেন্সের হেলপার তুষার মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এলাকাবাসী আহত ৪ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠায়। সেখানে অন্তঃসত্ত্বা মনির চাচি সাফিয়া খাতুনের মৃত্যু হয়।








