ভারতের কাছে এক রানে হারের সেই দুঃস্বপ্নের স্মৃতি থেকে যেনো মুক্তি
নেই টাইগারদের। এবার কাশ্মীরে কিশোর ক্রিকেটারদের প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জানালেন, বিস্ময়কর সেই পরাজয়ের তিক্ত আঘাতে ওই রাতে
টিম টাইগার্সের কেউই রাতের খাবার খাননি।
এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের পর এখন সপরিবার কাশ্মিরে ছুটি কাটাচ্ছেন মাশরাফি।
সেখানেই কুলানে এক ক্ষুদে ক্রিকেটার ৩ বলে ২ রানের অতিসহজ সমীকরণও মেলাতে না পারার ব্যর্থতার বিষয়ে জানতে চান মাশরাফির কাছে।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এমনভাবে জয়বঞ্চিত হওয়ার মানসিক আঘাত কতোটা তীব্র ছিলো সেটা ফুটে উঠেছে সেখানকার এক ওয়েবসাইটে প্রকাশিত ওই ক্ষুদে ক্রিকেটারের প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের অধিনায়কের উত্তরে।
‘সেই হারে আমরা খুবই মর্মাহত ছিলাম। আমাদের কেউই সেই রাতে ডিনার করেনি। হার খেলার একটি অংশ হলেও আমরা কেউ ওই ম্যাচে হারতে চাইনি,’ বলে মন্তব্য করেন মাশরাফি বিন মুর্তজা। 
নিউজ সাইটটি জানায়, টাইগার যুগের স্বর্ণালি সময়ের নেতৃত্ব দেয়া ম্যাশ ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণে সেখানকার গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে সোনামার্গ যাওয়ার পথে কুলানে স্থানীয় কিশোরদের ক্রিকেট খেলতে দেখে থেমে যান। আর তাদের উপহার দেন স্বপ্নের মতো কিছু মুহূর্ত।
তাকে দেখে বিস্মিত শিশু-কিশোররা আনন্দের আতিশয্যে একরকম মাশরাফির উপর ঝাপিয়েই পড়েছিলো।
স্থানীয় কিশোর ক্রিকেটারদের সাথে খেলার লোভও সামলাতে পারেননি মাশরাফি। তাদের সঙ্গে যোগ দেন গতির কারিগর। আর ক্ষুদে ক্রিকেটারদের কৌশল দেখানোর পাশাপাশি কয়েকবার হাত ঘুরিয়ে নিজের দক্ষতাও দেখান পেসার মাশরাফি।
সেসঙ্গে জয় করে নেন শিশু-কিশোরদের হৃদয় এবং মন।








