টানা নয় ম্যাচ জিতে আকাশে উড়ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। পরে টানা দুই হারে উল্টো পিঠটাও দেখতে হল সবার আগে সুপার লিগ নিশ্চত করা দলটিকে। রোববার লিগ পর্বের শেষ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৭ উইকেটে হেরেছে মুমিনুল-বিজয়দের দল।
ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম পর্বের আগের ম্যাচটিও হেরেছিল গাজী ক্রিকেটার্স। সেটি কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে একশর আগেই গুটিয়ে যেয়ে। শেষ দুই হারের পরও অবশ্য ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সুপার লিগে নামবে গাজী।
আর শেষ ম্যাচে জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ও প্রাইম দোলেশ্বরের সমান ১৬ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল প্রাইম ব্যাংক।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজীর দেওয়া ২১৫ রানের লক্ষ্য ৪৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই টপকে যায় প্রাইম ব্যাংক। আহত অবসর নিয়ে সাজঘরে ফেরার আগে জাকির হাসান করেন সর্বোচ্চ ৬৬ রান। অভিমন্যু ইয়াস্মরনের ব্যাটে আসে ৫২ রান। আল-আমিন অপরাজিত ছিলেন ৪১ রানে। তাইবুর পারভেজ সংগ্রহ সেখানে ৩৩।
গাজীর বোলারদের মধ্যে পারভেজ রসূল, হোসেন আলী ও মুমিনুল হক নেন একটি করে উইকেট।
আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩ রানের মাথায় দুই ওপেনারকে হারায় গাজী। তৃতীয় উইকেটে মুমিনুল হক ও জহুরুল ইসলাম অমি ১৪৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন। ৭৯ রান করে মুমিনুল আউট হলে ভাঙে প্রতিরোধ। ব্যক্তিগত ৬৬ রানে জহুরুল আহত অবসর নিয়ে সাজঘরে ফেরার পর খেই হারিয়ে বসে দলটি।
পুরো ৫০ ওভার খেলেও ইনিংস বড় করতে পারেনি গাজীর অন্য ব্যাটসম্যানরা। উইকেট বাঁচিয়ে খেলতে গিয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২১৪ রানের বেশি তুলতে পারেনি দলটি। অধিনায়ক নাদিফ চৌধুরী ৪০ বলে ২৬, সোহরাওয়ার্দী শুভ ২৫ বলে ১৫, আর আলাউদ্দিন বাবু ১৮ বলে ৮ রান করেন।
প্রাইম ব্যাংকের স্পিনার নাজমুল অপু নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও তাইবুর পারভেজ। আসিফ আহমেদ পেয়েছেন একটি উইকেট।








