১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত মাসে ওয়াইল্ডকার্ড নিয়ে স্টুটগার্ট ওপেন খেলতে নামার আগেই সহখেলোয়াড়দের বাধার মুখে পড়েছিলেন মারিয়া শারাপোভা। অনেকেই তাকে ওয়াইল্ডকার্ড প্রদানের বিরুদ্ধে কথা বলেন।
কিন্তু কানাডিয়ান তারকা ইউজেনি বুচার্ডের কথা রীতিমতো বিদ্ধ করে রুশ সুন্দরীকরে। তিনি শারাপোভাকে ‘প্রতারক’ অভিহিত করে আজীবন নিষিদ্ধ করার দাবি জানান।
সরাসরি না হলেও নানা ইঙ্গিতে বুচার্ডকে জবাব দিয়েছিলেন শারাপোভা। শুরু হয়েছিল দুজনের বাগযুদ্ধ। স্টুটগার্ড ওপেনের সেমিতে উঠে সে যাত্রায় বুচার্ডের বিপক্ষে এগিয়ে থাকলেও মাঠের লড়াইতে হেরে গেলেন টেনিসের গ্ল্যামার গার্ল।
মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে সেই বুচার্ডের কাছে রোমাঞ্চকর ম্যাচে ৭-৫, ২-৬ এবং ৬-৪ গেমে হেরে গেছেন শারাপোভা।
তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের প্রথম সেট শেষ হতে সময় লাগে ৭০ মিনিটের বেশি। শেষ পর্যন্ত জয় হয় বুচার্ডের। মাঝের সেট শারাপোভা জিতলেও শেষ সেটে রুশ তারকাকে হারিয়ে ম্যাচ নিজের পকেটে ভরেন বুচার্ড।
প্রথম রাউন্ডে শারাপোভা ক্রোয়েশিয়ার মিরিয়ানা লুচিচ-বারোনিকে হারিয়েছিলেন। আর বুচার্ড হারান ফ্রান্সের অ্যালিজ কর্নেটকে।







