আদালত

বরিশালের সেই বিচারকের বদলি চায় আইন মন্ত্রণালয়

বরিশালের সেই বিচারকের বদলি চায় আইন মন্ত্রণালয়

ইউএনও গাজী তারিক সালমনের মামলার বিচারক বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. আলী হোসেনকে বদলির সুপারিশ করে সুপ্রিম কোর্টের কাছে চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।

ঘটনার পর গত রোববার সুপ্রিম কোর্টের কাছে দেয়া লিখিত ব্যাখ্যায় বরিশাল মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন বলেন, ইউএনও গাজী তারিক সালমনের জামিন নামঞ্জুরের কোন আদেশ ওইদিন তিনি দেননি।

ব্যাখ্যায় তিনি আরো বলেন, ‘আদালতের কার্যপ্রণালী শেষে এজলাস ত্যাগ করে খাস কামরায় এসে শুনি ইউএনও-র জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মর্মে অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে তার জামিন আবেদন একটি বারের জন্যও নামঞ্জুর করা হয়নি। ফলে জেল হাজতে পাঠানোর কোন প্রশ্নই উঠে না।’

এর আগে  ‍উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে বরিশালের জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান এবং বরগুনার জেলা প্রশাসক ড. মহাঃ বশিরুল আলমকে প্রত্যাহার করা হয়

গাজী তারিক সালমন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে ২৬ মার্চের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। ওই আমন্ত্রণপত্রের পেছনের পাতায় পঞ্চম শ্রেণী পড়ুয়া একজন শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছাপানো হয়।

ওই ছবিতে বঙ্গবন্ধুকে বিকৃত করে উপস্থাপন করে মানহানী করা হয়েছে এমন অভিযোগে গত ৭ জুন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সালমনের বিরুদ্ধে মামলা করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু।

গত ১৯ জুলাই ওই মামলায় জামিন চাইতে গেলে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট্র আদালতের বিচারক মো. আলী হোসাইন প্রথমে তাকে কারাগারে পাঠান। তবে কয়েক ঘণ্টা পর তাকে আবার জামিন দেন।

নানা সমালোচনার মুখে রোববার সেই মামলা প্রত্যাহার করে নেন বাদী। তার আগে দল থেকে তাকে বহিস্কার করে কেন্দ্রীয় অাওয়ামী লীগ।

বিষয়:ইউএনও গাজী তারিক সালমন সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…