আগের ম্যাচেই তিন সংস্করণ মিলে ১১ হাজার রানের অর্জন পেরিয়ে গেছেন। তামিম ইকবাল পরের ম্যাচে ছুঁয়ে ফেললেন আরেকটি মাইলফলক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজারি ক্লাবে নাম লেখালেন টাইগার ওপেনার। তার খানিক আগে নির্দিষ্ট একটি ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার নজিরও গড়েছেন তামিম।
মঙ্গলবার শের-ই-বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ১৭৭তম ওয়ানডে খেলতে নেমেছেন তামিম। ছয় হাজার থেকে ৬৬ রান দূরে ছিলেন যখন বাংলাদেশ ব্যাটিং শুরু করে। পরে অপেক্ষা করতে হল লম্বা সময়। দেখেশুনে এগোচ্ছিলেন। ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলে এসে ধরা দেয় অর্জন। ক্রেমারকে লংঅনে ঠেলে দিয়ে এক তুলে ছয় হাজরি ক্লাবে ঢুকে পড়েন বাঁহাতি তারকা।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল তামিমের। মাত্র দশ মিনিট ক্রিজে ছিলেন, ৮ বলে নামের পাশে যোগ করতে পেরেছিলেন ৫ রান। হাবিবুল বাশারের বাংলাদেশ অবশ্য ম্যাচটা জিতেছিল ১৪ রানে।
ছয় হাজারি বনে যাওয়ার আগে ৪৬ রান করার সঙ্গে সঙ্গেই জয়সুরিয়াকেও টপকে গেছেন তামিম। প্রেমাদাসা স্টেডিয়ামে সনাথ জয়সুরিয়ার রান ছিল ২৫১৪। মিরপুরে তামিমের রান এখন ২৫৪২। যা নির্দিষ্ট কোন ভেন্যুতে বেশি রান করার রেকর্ড।
ওয়ানডের দীর্ঘ পথ চলায় ৯ সেঞ্চুরি ও ৪১ ফিফটিতে এই রান জমা করেছেন তামিম। ৩৫এর উপর গড় আর ৭৮এর উপর স্ট্রাইকরেটে রান তুলেছেন, সর্বোচ্চ ১৫৪।
৫২টি টেস্ট খেলা তামিম সাদা পোশাকেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক। ৮ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে চার হাজার ছুঁতে আর ১১৪ রান চাই তার।
তামিমের পেছনে ছুটছেন সাকিব আল হাসান। গত ম্যাচেই ১০ হাজার পেরিয়েছেন সব ফরম্যাট মিলিয়ে। ১৮২ ওয়ানডেতে ৫১৮৪ রান তুলেছেন, ৫১ টেস্টে সেটি ৩৫৯৪।







