খুব দূরে ছিলেন না। মাত্র ৬ রান। চট্টগ্রামে নামার সময় এক হাজারি ক্লাব ছুঁতে নাসির হোসেনের দরকার ছিল একটি ওভার বাউন্ডারি। ওভার না হলেও বাউন্ডারিতেই সেটি পূর্ণ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
১৯তম টেস্টে খেলতে নেমেছিলেন ঝুলিতে ৯৯৪ রান নিয়ে। দিনের খেলা তখন শেষের আধাঘণ্টার। ইনিংসের ৮৪তম ওভারের পঞ্চম বল। নাসির সেটিকে কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে এক হাজারির ক্লাবে ঢুকে গেলেন। অফস্পিন-অলরাউন্ডারের চারঅংক ছুঁতে সময় লাগল ৩১ ইনিংস। বাংলাদেশের ১৪তম ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে হাজার রানে পৌঁছালেন তিনি।
ম্যাচের হিসেবে যেটি বাংলাদেশিদের মধ্যে তৃতীয় দ্রুততম। ১১তম টেস্টে হাজার ছুঁয়ে ফেলেছিলেন মুমিনুল হক। ১৬তম টেস্টে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। নাসিরের লাগল ১৯ টেস্ট। দিনশেষে ১৯ রানে অপরাজিত আছেন তিনি।
অভিষেক হয়েছিল এই চট্টগ্রামেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালে। মাঝে তো দলেই ব্রাত্য হয়ে পড়েছিলেন। ফিরেছেন এই সিরিজের মিরপুর টেস্ট দিয়ে। সাত বছরে আসা-যাওয়ার টেস্ট ক্যারিয়ারে ৬ ফিফটি ও এক সেঞ্চুরিতে এল হাজার। সেরা ইনিংসটি ঠিক একশ রানের!
ছবি: সাকিব উল ইসলাম







