প্রচণ্ড গরমের মধ্যে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব, সুপার লিগ। সেরা ছয় দল একবার করে মুখোমুখি লড়াইয়ের পর মিলবে এবারের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন। সুপার লিগের প্রথম রাউন্ড ভাসছে রানবন্যায়। তিনটি ম্যাচেই আগে ব্যাট করা দল গড়েছে রানের পাহাড়।
তীব্র গরম ও খরতাপের কারণে দ্রুত পানি শুষে নেয় উইকেটের মাটি। শুষ্ক উইকেট মানেই রানের বন্যা। ব্যাটিং সহায়ক উইকেট পেয়ে রানে মত্ত ব্যাটসম্যানরা।
প্রথম পর্বের শেষ ম্যাচের দুই সেঞ্চুরিয়ান রনি তালুকদার ও শামসুর রহমানের ফিফটিতে ৩২৪ রান তুলেছে মোহামেডান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মোহামেডানকে। অল্পের জন্য সেঞ্চুরি পাননি রনি। এ ব্যাটসম্যান ৯২ রান করে সাজঘরে ফিরেছেন। শামসুর আউট হন ৭৪ করে। শেষ দিকে নাজমুল মিলনের ৩৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৪ রান তোলে মোহামেডান।
প্রাইম ব্যাংকের বিপক্ষে রানের পাহাড় গড়েছে আবাহনী। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করেছে আকাশী-নীলরা। কেউ সেঞ্চুরি না পেলেও তিন ব্যাটসম্যান পেয়েছেন ফিফটি। লিগের সর্বোচ্চ রানসংগ্রাহক লিটন দাস ৮৫, নাজমুল হোসেন শান্ত ৬৫ ও মোহাম্মদ মিঠুন করেন ৬০ রান। সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৪৬ রান।
পাশের চার নম্বর মাঠে সেঞ্চুরি পেয়েছেন প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না। শেখ জামালের বিপক্ষে খেলেছেন ১০৯ বলে ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস। এবারের লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। শাহরিয়ার নাফীসের ৬৭ ও শরিফউল্লাহর ৩৫ রানে ভর করে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান তুলেছে দোলেশ্বর।








