সুনামগঞ্জ ক্রিকেট লিগে প্যারামাউন্ট চ্যাম্পিয়ন

সুনামগঞ্জে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লিগের শিরোপা জিতে নিলো প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব। শেষ ম্যাচে ২০০ রানের বিশাল ব্যবধানে ওয়েস্টার্ন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে এ মৌসুমের লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে প্যারামাউন্ট। লিগ টেবিলে পয়েন্টের হিসাবে তাদের সমান অবস্থান হলেও রানরেটে পিছিয়ে পড়ে রানার্সআপ হয়েছে ফ্যান্টম গ্রুপ।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আগে ব্যাট করে অলআউট হওয়ার পথে প্যারামাউন্ট ক্লাব তুলেছিল ২৪১ রান। সর্বোচ্চ ৫১ রান তোফায়েলের। নাহিদ ৩৮, নিপু ২৯ এবং আফ্রিদির ব্যাটে আসে ২৬ রান।
ওয়েস্টার্নের সাকির নেন ১৪ রানে ৪ উইকেট। জনি ও হিমুর শিকার ২টি করে উইকেট।
জয়ের জন্য ২৪২ রানের টার্গেটে নেমে হিরার বোলিং তোপে পড়ে ওয়েস্টার্ন। মাত্র ৪১ রানে তারা অলআউট হয়ে গেলে প্যারামাউন্ট পায় ২০০ রানের আয়েশি এক জয়।
নানা কারণে সুনামগঞ্জের প্রথম বিভাগ ক্রিকেট লিগ ঐতিহ্যবাহী এক আসর। বিভিন্ন সময়ে এ লিগে খেলে গেছেন দেশ-বিদেশের অনেক তারকা ক্রিকেটার।
কিন্তু নানা জটিলতায় নিয়মিত লিগ না হওয়ায় হতাশা আছে শহরের ক্রীড়াবিদদের। টানা কয়েকবছর বন্ধ থাকার পর এবার বঙ্গবন্ধুর নামে আয়োজন করা হয় প্রথম বিভাগ ক্রিকেট লিগটি।






