প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টিরিয়ান, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপির শেষকৃত্য অনুষ্ঠিত হবে সোমবার তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে।
রোববার দুপুর ১২টায় এই প্রয়াত এমপির মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে তার প্রতি জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৩ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরদেহ নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে।
এরপর সোমবার সকাল ১০টা থেকে ১১টা সিলেটে, সুনামগঞ্জের শাল্লায় দুপুর ১টায় এবং শেষে বিকেল ৩ টায় দিরাইয়ে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে শেষকৃত্য হবে।
রোববার ভোর ৪.২৪ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রীবর্গ এবং বিশিষ্টজনেরা।







