দুর্নীতির অভিযোগে সুইজারল্যান্ডের একটি ব্যাংকের বিরুদ্ধে ফৗেজদারী মামলা
করেছে দেশটির আর্থিক নিয়ন্ত্রকদের প্রতিষ্ঠান।
মালয়েশিয়ার শতভাগ সরকারী
মালিকানাধীন কৌশলগত উন্নয়ন সংস্থা ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট
বারহাদ’র (ওয়ান এমডিবি) সঙ্গে দুর্নীতিতে যোগসাজশের অভিযোগে ‘বান্সা ডেলা
সিভিজেরা ইটালিয়ানা বা বিএসআই ব্যাংকের বিরুদ্ধে মামলাটি করা হয়।
অভিযোগ উঠার পরই তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক স্টেফানো কডুরাই।
সুইস প্রসিকিউটররা বলছেন, ওয়ান এমডিবির সাথে সম্পর্কিত কার্যক্রমের প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করেই এই আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
দুর্নীতির অভিযোগে বিশ্বের একাধিক আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি ওয়ান এমডিবি।
সুইস অ্যার্টনি জেনারেলের অফিস জানায়, বর্তমানে ওয়ান এমডিবি মামলার প্রেক্ষাপটে তদন্তাধীন মানি লন্ডারিং ও বিদেশী সরকারি কর্মকর্তাদের ঘুষের অপরাধ বিএসআইর মাধ্যমে সাহায্য পেয়েছে।
এক বিবৃতিতে বিএসআই জানিয়েছে, স্টাফ এবং ক্লায়েন্টদের অনিশ্চয়তা কাটাতে তদন্ত সংস্থাকে পূর্ণ সহায়তা করবে তারা।
এই ঘটনার পরপরই নিজ দেশে বিএসআইর শাখা বন্ধ করে দিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।










