শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের সিসিইউতে বিশেষ পর্যবেক্ষণে আছেন প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর।
মঙ্গলবার বিকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্ম নেন সাংবাদিক আমানুল্লাহ কবীর। প্রায় সাড়ে চার দশকের সাংবাদিক জীবনে এই প্রবীণ কলমসৈনিক দেশের বিভিন্ন সংবাদ সংস্থা ও প্রতিষ্ঠানে কাজ করেছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইংরেজি ও বাংলা দুই মাধ্যমের সংবাদপত্রেই কাজ করেছেন।
বাংলা দৈনিক আমার দেশ এবং ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের (বর্তমানে বিলুপ্ত) প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আমানুল্লাহ।
ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন। এস এম আলীর নেতৃত্বে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা শুরুর সময় আমানুল্লাহ কবীর বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়াও বিভিন্ন দৈনিকে তিনি সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক আন্দোলনের নেতা আমানুল্লাহ কবীর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতার সঙ্গে লেখালেখিতেও সক্রিয় আমানুল্লাহ কবীর।
সর্বশেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।






