সিলেট নগরীর চাঁদনীঘাটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট টুডে জানিয়েছে, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চাঁদনী ঘাটে জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা চলার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সমাবেশ পণ্ড হয়ে যায়।
আলোচনা সভায় যুবলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার হোসেন সামাদ অনুসারী ও জেলা প্রজন্ম লীগের সহ-সভাপতি খালেদ ওসমান অনুসারীদের মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কথাকাটাকাটির জের ধরে খালেদ ওসমান গ্রুপ হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন।
সংঘর্ষে প্রজন্ম লীগ নেতা খালেদ ওসমান নিজেও আহত হন। এছাড়া আহত হয়ে ওসমানী হসপাতালে ভর্তি আছেন খালেদ গ্রুপের সাইফুল ও লোকমানকে।
শাহরিয়ার অনুসারীদের মধ্যে আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন আমিন ও জাওয়াদ ইবনে জাহিদ খানকে।আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রাত সাড়ে ন’টার দিকে আহতদের দেখতে হাসপাতালে যান মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পরিস্থিতি শান্ত হয়।







