সিলেটের জিন্দাবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কুয়েত শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদ নিহত হয়েছেন। তিনি সিলেট বিভাগীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদকও ছিলেন।
আহাদের বাড়ী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মেদেনীমহল গ্রামে। তার পিতার নাম নূর মিয়া।
বৃহস্পতিবার সিলেটে আওয়ামী লীগের একটি শোকসভায় যোগ দিতে যান তিনি। শুক্রবার রাতেই তার বাড়ী ফেরার কথা ছিলো বলে তার জানিয়েছেন স্বজনরা।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে তাকে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।
সিলেট কোতোয়ালী থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন, হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
তার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
গত ১৫ আগস্ট কুয়েত থেকে দেশে আসেন তিনি।







