ক্রিস সিলভারউডকে ইংল্যান্ডের হেড কোচ করা নিয়ে প্রশ্ন তুলেছেন সেদেশের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সিলভারউড কতটা সফল হবেন তা নিয়েও সন্দেহ করছেন ইংলিশ সাবেক অধিনায়ক।
১৭ বছর আগে নাসের হুসেইনের অধিনায়কত্বের সময়ই টেস্ট খেলেন সিলভারউড। তাছাড়া সদ্যসাবেক কোচ ট্রেভর বেলিসের অধীনেও কাজ করেছেন।
তারপরও ইংল্যান্ডের হেড কোচ হিসাবে সিলভারউডের নিয়োগ বিতর্ক সৃষ্টি করেছে। নাসের বলছেন, তিনি মানুষের উদ্বেগ বুঝতে পারেন।
বর্তমানে নামী ধারাভাষ্যকার নাসের হুসেইন ‘দ্য মিররকে’ বলেন, ‘ফ্রেন্ডলি বোলিং কোচ হওয়া আর হেড কোচ হওয়া এক নয়। বিশেষ করে টেস্ট অঙ্গনে, যেখানে খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে অনেক সময়ই কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’
এই কঠিন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সিলভারউড। নাসেরের কথায়, ‘এটি একটি চ্যালেঞ্জ হতে পারে – এই মুহূর্তে তিনি জনপ্রিয়, তবে যদি তিনি কোনো ভালো কাজ করতে চান, সেক্ষেত্রে তাকে কয়েক জনকে বিরক্ত করতেও হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি যখন তার সাথে খেলেছি, তখন তিনি খুব পছন্দসই একটা ছেলেই ছিলেন। যিনি সহজ-সরল ছেলেদের মতো বলতেন, ইংল্যান্ডের হয়ে খেলা তার কাছে এক পরম স্বপ্ন। একজন খেলোয়াড় হিসেবে তিনি সবসময় স্বপ্নের মধ্যেই ছিলেন, তবে এখন তার উচিত নিজেকে নিজে চিমটি কেটে বলা যে, তিনি ইংল্যান্ডের হেড কোচ।’







