তুর্কি সেনাবাহিনীর সহায়তায় সিরীয় বিদ্রোহীরা সিরিয়া-তুরস্ক সীমান্তের একাংশ থেকে ‘সব সন্ত্রাসী সংগঠন’কে বিতাড়িত করতে সফল হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছেন, সীমান্ত থেকে জঙ্গি সংগঠন আইএসকে সরিয়ে দেয়া সম্ভব হয়েছে। কুর্দি বাহিনীকেও ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে তাদের তাড়িয়ে দেয়ার কথা বলেছে তুরস্ক।
রোববার টেলিভিশনে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, ‘স্রষ্টাকে ধন্যবাদ, আজ আজাজ থেকে জারাবলুস পর্যন্ত সিরিয়ার সঙ্গে আমাদের ৯১ কিলোমিটার সীমানা আমরা সম্পূর্ণভাবে সুরক্ষিত করতে সফল হয়েছি।’
সীমান্তে এই অগ্রগতির ফলে আইএসের যোদ্ধা এবং অস্ত্র আমদানির ‘সাপ্লাই লাইন’ মোটামুটি বিছিন্ন হয়ে গেল।
অন্যদিকে, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের হাতে গত মাসে বেদখল হয়ে যাওয়া দেশটির উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশের কিছু অংশ পুনর্দখল করতে সক্ষম হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনারা শহরের দক্ষিণে অবস্থিত দু’টি সামরিক একাডেমি পুনর্দখল এবং বিদ্রোহীদের কাছে রসদ সরবরাহের পথটি ধ্বংস করে দিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিদ্রোহীদের দখলে থাকা এয়ার ফোর্স টেকনিক্যাল কলেজ পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। আর্টিলারি একাডেমির নিয়ন্ত্রণ এবং আলেপ্পোর পূর্ব অংশের পুরো অংশের দখল নিয়েছে সিরিয়ার সেনারা।








