সিরিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার উপকূলবর্তী নগর লাতাকিয়ার কাছে মাইমিম বিমান ঘাঁটিতে অবতরণের সময় এএন-টুয়েন্টি সিক্স উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
এতে ৩৩ জন সেনা সদস্যসহ ও ছয়জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়নি বলেও নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলেও প্রাথমিকভাবে জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, নিহত ব্যক্তিরা সবাই সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন। এ ঘটনার পর প্রেসিডেন্ট পুতিন নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এরমধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। এখন পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে রুশ কর্তৃপক্ষ মনে করছে। তবে কোনো রকমের হামলার শিকার হয়ে ওই দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে বলে জানায় রুশ বিমান বাহিনী।







