সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারি বাহিনীকে সহায়তার জন্য সিরিয়ায় যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে চীন।
চীনের অ্যাডমিরাল গুয়ান ইউফেইর সাম্প্রতিক সিরিয়া সফরের পর সরাসরি সিরিয়া যুদ্ধে যোগ দেয়ার কথা নিশ্চিত না করা হলেও এবার যুদ্ধবিমান পাঠানোর ব্যাপারটি নিশ্চিত করা হলো।
অন্যদিকে আইএস এবং কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সিরিয়া অভিযানে প্রথম সেনা হারালো তুরস্ক। সিরিয়ার উত্তরাঞ্চলে
তুর্কি ট্যাংকের ওপর কুর্দি বাহিনীর হামলায় ওই সেনা সদস্য নিহত হয়। মোট তিনটি তুর্কি ট্যাংক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কুর্দি গণমাধ্যম।
এর আগে সিরিয়ায় নতুন যুদ্ধবিরতি কার্যকরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। জেনেভায় দীর্ঘ আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এ কথা জানান। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন করেন তারা।
জাতিসংঘের উদ্যোগে নতুন করে আবার শান্তি আলোচনা শুরুর কথাও জানিয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া
সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধানের জন্য নতুন করে আলোচনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন দুই নেতা।
অন্যদিকে, সিরিয়া নিয়ে কূটনৈতিক চাপ অব্যাহত থাকা অবস্থায় আলেপ্পোতে ব্যারেল বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।







