যুদ্ধবিরতির মধ্যেই সিরিয়ায় বিদ্রোহীদের গোলায় একটি সরকারি বিমান ভূপাতিত হয়েছে। সিরিয়ায় সরকার বিরোধী বিদ্রোহীরা শনিবার দেশটির উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর একটি যুদ্ধবিমান গোলার আঘাতে ভূপাতিত করে। বিদ্রোহী ও সেনা উভয় সূত্র থেকে বিমান ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে যুদ্ধবিমানটি মিসাইল নাকি বিমান বিধ্বংসী গোলার আঘাতে ভূপাতিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সিরিয়ান সেনা সূত্র জানিয়েছে, দেশটির হামা প্রদেশে অবতরণের সময় বিদ্রোহীরা যুদ্ধবিমানটিতে হামলা চালায় এবং এ হামলার মাধ্যমে ‘যুদ্ধবিরতি চুক্তি’ লঙ্ঘন করেছে তারা।
ওই অঞ্চলে যুদ্ধরত একটি বিদ্রোহী গ্রুপ জয়েশ আল-নসর যুদ্ধবিমানটিকে বিমান বিধ্বংসী গোলার আঘাতে ভূপাতিত করার দাবি করেছে।
পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দুটি মিসাইলের আঘাতে একটি বিদ্রোহী গ্রুপ বিমানটি ভূপাতিত করেছে।
আগেও বিদ্রোহীরা বিমান বিধ্বংসী গোলার আঘাতে সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত করতো।







