সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন আইএসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বোমা হামলা করেছে তুরস্কের সেনাবাহিনী।
দেশটির সমর্থনপ্রাপ্ত সিরীয় বিদ্রোহী দলের আইএসের বিরুদ্ধে অভিযান চালানোর কথা থাকলেও এর আগেই সরাসরি হামলা শুরু করে দিয়েছে তুরস্ক।
তুরস্কের ভেতরেই অবস্থান নেয়া ভারী কামান থেকে সিরিয়ার সীমান্তবর্তী জারাবলুস ও মানবিজ শহরে আইএস এবং কুর্দি মিলিশিয়ার ঘাঁটিতে গোলাবর্ষণ করা হয়। এর আগে থেকেই অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে তুরস্কের গাজিয়ান্তেপ শহরে অপেক্ষা করছিল প্রায় ১৫শ’ সিরীয় বিদ্রোহী।
ওই গাজিয়ান্তেপেই শনিবার স্থানীয় সময় রাতে এক বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়। শহরটিতে সিরিয়ায় অভিযানের প্রস্তুতির ফল হিসেবেই আত্মঘাতী হামলাটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাটির জন্য আইএসকেই দায়ী করছে স্থানীয় প্রশাসন।







