সিরিয়ার শরণার্থীদের পাশে দাঁড়ালেন জর্জ আর আমল ক্লুনি দম্পতি। ইউনিসেফের তত্ত্বাবধানে শরণার্থী শিক্ষার্থীদের শিক্ষার আলো দিতে একটা স্কুল খুলেছেন তারা। পিপল ম্যাগাজিন থেকে জানা গেছে, এর আগেও ‘ক্লুনি ফাউন্ডেশন’ লেবাননে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সাতটি স্কুল খুলেছিল। আর এই লক্ষ্যে সিরিয়ার শরণার্থী শিশুদের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন এই দম্পতি।
জর্জ এবং আমল দুইজনই বলেন, ‘হাজার হাজার সিরিয়ার শরণার্থী এখন ঝুঁকির মুখে, আর এমন ক্ষতিগ্রস্ত অবস্থা সমাজের জন্য একদমই কাম্য নয়। শিক্ষার আলো পেলে হয়ত অনেক কিছুরই পরিবর্তন আসতে পারে। এটা আমাদের একটা সামাজিক উদ্যোগ।’
তারা দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা এই প্রজন্মকে হারাতে চাই না। খুব খারাপ সময়ে খারাপ জায়গায় জন্ম নিতে হয়েছে তাদের। শিক্ষার আলো পেলে হয়ত কিছুটা দুঃখ কাটবে।’
ইউনিসেফের তথ্য মতে, প্রায় ৩ হাজার শরণার্থী শিশু শিক্ষার সুবিধা পাচ্ছে। জাতিসংঘের এই সংস্থা জর্জ ক্লুনি ও আমল দম্পতিকে তাদের এই উদ্যোগের প্রশংসা করলেন। মিড-ডে।








