ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে দেশে ফিরতে হচ্ছে প্রোটিয়া তিন
তারকা খেলোয়াড়কে। সাউথ আফ্রিকার বার্ষিক ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে যোগ
দিতেই দেশটির ক্রিকেট বোর্ড ডেকে পাঠিয়েছে এবি ডি ভিলিয়ার্স, ওয়েন পার্নেল ও
ডেল স্টেইনকে।
তাদের জায়গায় নতুন তিন ক্রিকেটারের নামও ঘোষণা করেছে সিপিএল কর্তৃপক্ষ।
এবারের সিপিএলের মৌসুমে ডি ভিলিয়ার্স ও পারনেল খেলেছেন বারবাডোসের হয়ে। ৫৮.৫০ গড়ে আর ১৫০.৯৬ স্ট্রাইকরেটে ভিলিয়ার্স দলটির হয়ে সর্বোচ্চ ২৩৪ রান করেন। আর পেসার পারলেন দলটির হয়ে ছয় ম্যাচে তুলে নেন সাতটি উইকেট। 
চলতি মৌসুমে সাকিবের দল জ্যামাইকায় খেলছিলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। এই গতিদানব জ্যামাইকার হয়ে ১৮.৬২ গড়ে, ৬.৮২ ইকোনমি রেটে আট উইকেট তুলে নেন।
ভিলিয়ার্স আর পারনেলের বদলি হিসেবে বারবাডোস ইতোমধ্যেই দলে টেনেছেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ এবং সাউথ আফ্রিকার ডানহাতি পেসার মারচেন্ট ডি লাঙ্গেকে।
এদিকে, সাকিব সতীর্থ স্টেইনের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে আরেক প্রোটিয়া নতুন মুখ ড্যান প্যাটারসনকে।







