আরিফিন শুভ অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফিরেছেন গত শুক্রবার। ২–৩ দিন একটু নিজের মতো করে থাকতে চেয়েছেন। তার ভাষায়, ‘বিশ্রাম নিতে চাই।’ কারণ ওখানে ১৬ দিন ছিলেন তিনি। না, বিশ্রাম নিতে পারেননি। গতকাল সোমবার ছুটতে হলো কলকাতায়। ওখানে ‘ওলট পালট’ ছবির শুটিং হচ্ছে। এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তাই বিশ্রাম নেওয়ার সুযোগ নেই।
‘ওলট পালট’ যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে গ্রিন টাচ এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন কলকাতার রবি কিনাগি।
তারকাবহুল এই ছবিতে অভিনয় করছেন ঢাকার বিদ্যা সিনহা মিম, পিয়া বিপাশা, রোশান এবং কলকাতার সোহম, যিশু সেনগুপ্ত ও শুভশ্রী। এবার শুভকে নিয়ে নায়কের পাল্লাটা ভারি করা হলো।
এখানে আরেকটা ব্যাপার অনেকেই জানতেন না। তা হলো, ‘ওলট পালট’ ছবিতে যে আরিফিন শুভ অভিনয় করবেন, তা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সেভাবে জানানো হয়নি। কলকাতা থেকে শুভ বললেন, ‘আমার শিডিউল নিয়ে একটু জটিলতা হচ্ছিল। আর এই ছবিতে তো অনেক শিল্পী। সবাই খুব ব্যস্ত। সবার শিডিউল মিলিয়ে কাজ করা সহজ ব্যাপার না। তাই দেশে ফিরে একটু সময় বের করেছি। ব্যাস, রাজি হয়ে গেলাম।’
এর আগে আরিফিন শুভ ১৩ মে সিডনির এএনজেড স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে একটি নাটকে অভিনয় করেন। নাটকের নাম ‘আই অ্যাম দাই ফাদার’ বা ‘আমি তোমার পিতা’। ৪৫ মিনিট দৈর্ঘ্যের এই নাটকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন।
‘আই অ্যাম দাই ফাদার’ বা ‘আমি তোমার পিতা’ নাটকের অংশ বিশেষ







