আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এক দিন আগেই শেষ করে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে গেলেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরা। পূর্ণ শক্তির দল নিয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ সিটি ক্লাবকে ১০১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
৮ ম্যাচে তিন জয়ে ৭ পয়েন্ট নিয়ে সুপার লিগে খেলার আশা জাগাল মোহামেডান। সাকিব যোগ দেওয়ার পরই জয়ের ধারায় ফিরেছে ক্লাবটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে ইমরুল কায়েসের সেঞ্চুরি (১২১ বলে ১১৪) ও মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটিতে (৫২ বলে ৬৫) ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৮ রান তোলে। সাত নম্বরে নেমে সাকিব ১৬ বলে করেন ২৬ রান। ৬ বলে ১৪ রানে অপরাজিত থাকেন আরিফুল হক।
রায়হান রাফসান তিনটি ও আসিফ হাসান দুটি উইকেট নেন।
জবাবে আড়াইশর কাছে গিয়ে থামে সিটির ইনিংস। ৫০ ওভারে ৭ উইটে হারিয়ে ২৪৭ রান তোলে ক্লাবটি। আব্দুল্লাহ আল মামুন ৭০ ও আসিফ আহমেদ রাতুল ৫২ রান করেন। মোহামেডানের বিদেশি রিক্রুট জ্যাক লিনট নেন তিনটি উইকেট। নাজমুল ইসলাম অপু, সাকিব, মিরাজ ও সৌম্য সরকার নেন একটি করে উইকেট।








