বাংলা চলচ্চিত্রের অকাল প্রয়াত নায়ক সালমান শাহ’র ২১তম প্রয়াণ দিবসে সারাদেশে বিক্ষোভ মিছিল করবে তার ভক্তরা। সালমান শাহ ঐক্যজোটের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করা হবে।
৬ সেপ্টেম্বর বিকেল তিনটায় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় মানব বন্ধন করার পরপরই এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল নিয়ে সারা শহর প্রদক্ষিণ করার পর সালমান শাহ ভবনে সবাই সমবেত হবে। এরপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
একই অনুষ্ঠান সারাদেশের জেলা, উপজেলা ও শহরগুলোতেও হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সালমান শাহ ঐক্যজোটের প্রধান উপদেষ্টা সালমান শাহ’র মা নীলা চৌধুরী।
তিনি সারাদিনের কর্মসূচির বিষয়েও জানান। সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিগুলো হলো- সকাল ১০ থেকে ১২টা পর্যন্ত সিলেটসহ সারাদেশের জেলা ও উপজেলা শহরে গণজমায়েত। ১২:৩০-এ সালমান শাহ’র কবর জেয়ারত ও সারাদেশব্যাপী গায়েবী মোনাজাত। বাদ জোহর মানববন্ধন। সিলেটের কোর্ট পয়েন্টে নীলা চৌধুরীর নেতৃত্বে ও সারাদেশের ভক্তদের মাধ্যেম। ৩টায় বিক্ষোভ মিছিল। মিছিল শেষে দোয়া ও মিলাদ মাহফিল।
এ প্রসঙ্গে নীলা চৌধুরী সালমান ভক্তদেরকে অনুরোধ করে বলেন, ‘সালমান শাহ হত্যার ন্যায় বিচার পাওয়ার লক্ষে আমরা বিক্ষোভ মিছিলের আহ্বান করেছি। যে যেখানে পারেন সেখান থেকেই বিক্ষোভ মিছিল করবেন। সারাদেশের সালমান ভক্তদের নিকট অনুরোধ আপনারা অবশ্যই কর্মসূচিগুলো সফল করবেন।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। পোস্ট মর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা থাকলেও সালমান শাহ’র মায়ের দাবী সালমানকে হত্যা করা হয়েছে। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামী রুবি সুলতানাও এক ভিডিও বার্তায় স্বীকার করেছেন সালমানকে হত্যা করা হয়েছে।










