আইনি ঝামেলা আর সালমান খান যেন পরস্পরের নিত্যসঙ্গী। ৫২ বছর বয়সী এই বলিউড সুপারস্টার এ পর্যন্ত অসংখ্যবার মামলার ঝামেলায় পড়েছেন। এবার তাঁর সঙ্গে সমস্যায় পড়েছেন প্রাক্তন প্রেমিকা ও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘টাইগার জিন্দা হ্যায়’-এর সহশিল্পী ক্যাটরিনা কাইফও।
দিল্লীর আদালতে বৃহস্পতিবার সালমান-ক্যাটরিনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার অভিযোগনামা দাখিল করা হয়েছে। সালমান-ক্যাটরিনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন হারনাম সিং নামে দিল্লী কর্মচারী কমিশনের সাবেক চেয়ারম্যান। তাঁর অভিযোগ, ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের প্রচারণার সময় এক অনুষ্ঠানে পাতিয়ালার লোকজনকে নিয়ে কটাক্ষ করে কৌতুক করেছেন সালমান। আর ক্যাটরিনা সেই মজায় সায় দিয়েছেন কোন বিরোধিতা না করে। এতে, শিখ সম্প্রদায়ের লোকজনকে অপমান করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি এ অভিযোগনামা নিয়ে বসবে আদালত। দিল্লী পুলিশের কাছে গেল ডিসেম্বরেই সালমান-ক্যাটরিনার বিরুদ্ধে এফআইআর করতে গিয়েছিলেন হারমান সিং, কিন্তু পুলিশ পাত্তা না দেয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।
‘টাইগার জিন্দা হ্যায়’ এর সাফল্যের পর সালমান ব্যস্ত আছেন রেস-৩ এর শুটিং নিয়ে, আর ক্যাটরিনার ব্যস্ততা ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে।







