সারাদেশে পুরোদমে এগিয়ে চলছে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি। শেষ মুহূর্তে চলছে তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলার কাজ। নির্দিষ্ট সময়ের আগে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জনিয়েছেন আয়োজকরা।
৩ দিন বাদেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর নির্দিষ্ট সময়ে আয়োজন সম্পন্ন করতে মন্দিরে এবং মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা সাজসজ্জার কাজ।
পুরান ঢাকার অলিগলিতে চলছে মণ্ডপ এবং প্যান্ডেল সাজানোর কাজ। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করতে শাঁখারি বাজারের প্রতিমা শিল্পীরা রাত জেগে কাজ করছেন।
প্রতিমা শিল্পী সুকুমার পাল বলেন, অনেক রাত পর্যন্ত কাজ করে আবার সকাল সকাল উঠে কাজ শুরু করতে হয়। এভাবে রাত জেগে টানা কাজ করা কষ্টকর হলেও একে ধর্মীয় কাজ, অন্যদিকে শিল্পকর্ম – তাই খুব
আনন্দও পান তারা।
যুগ যুগ ধরে চলে আসা শারদীয় উৎসব আয়োজনের ধারা বজায় রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির প্রত্যাশায় সনাতন ধর্মাবলম্বীরা। পূজা আয়োজক রতন চৌধুরী জানান, ষষ্ঠীর দিন ঘট বসানো হবে। এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা না হলে আয়োজন শেষ হবে।
এ বছর সারাদেশে প্রায় ত্রিশ হাজার মণ্ডপে হবে দেবী দুর্গার অর্চনা। ৭ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ১১ অক্টোবর শেষ হবে ৫ দিনের শারদীয় দুর্গাপূজা।








