ন্যাটোভুক্ত দেশগুলো সামরিক ব্যয় দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদস্য দেশগুলোকে তাদের মোট জিডিপি’র অন্তত ৪ শতাংশ আয় সামরিক খাতে ব্যয় করার পরামর্শ দেন তিনি।
চলমান ন্যাটো সম্মেলনে ট্রাম্প এমন আহ্বান জানান। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে দুইদিনব্যাপী ২৯টি দেশের সামরিক জোটের এ সম্মেলন।
তবে ন্যাটো মহাসচিব জোনস স্টোলেনবার্গ ট্রাম্পের এ আহ্বানের সরাসরি কোন জবাব না দিলেও তিনি বলেন, আপাতত সদস্য দেশগুলো তাদের জিডিপির ২ শতাংশ সামরিক খাতে ব্যয়ের লক্ষে কাজ করে যাচ্ছে।
কিন্তু এ বছর ২৯ টির মধ্যে মাত্র পাঁচটি দেশ এ লক্ষমাত্রা পূরণ করতে পেরেছে। েতবে দেশগুলোর এ ব্যয় আরো বাড়ানোর পরিকল্পনা আছে।
স্নায়ুযুদ্ধ শেষের পর প্রায় এক দশক ন্যাটোভুক্ত দেশগুলো ধীরে ধীরে তাদের সামরিক ব্যয় কমিয়েছে। কিন্তু বর্তমানে বিশ্ব পরিস্থিতি পাল্টে যাওয়ায় আবার তা বৃদ্ধির প্রয়োজন পড়েছে বলে মনে করেন ন্যাটো মহাসচিব।
সম্মেলনে জার্মানির কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশটি পুরোপুরি রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যা ন্যাটোর ভবিষ্যতের জন্য অশনি সংকেত। ন্যাটোর অভিযানগুলোতেও জার্মানি পর্যাপ্ত অর্থ দিচ্ছে না বলেও অভিযোগ তার।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশের মোট জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ ব্যয় করছে প্রতিরক্ষা খাতে। অন্যদিকে জার্মানি করছে মাত্র ১.২৪ শতাংশ।
মূলত সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলার জন্য ১৯৪৯ সালে গঠিত হয় সামরিক জোট ন্যাটো। আমেরিকা ন্যাটোর মোট ব্যয়ভারের ২২ শতাংশ বহন কর।








